চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, অবৈধ বালু উত্তোলন বন্ধের পর এবার অবৈধ পাহাড় কাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানুষের জীবন ও পরিবেশ রক্ষায় কোনোভাবেই পাহাড় কাটা চলতে দেওয়া হবে না।

শুক্রবার (১০ জুলাই) সকালে টানা অতিবৃষ্টিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

হুমাম কাদের বলেন, বর্তমান পরিস্থিতি শুধু রাঙ্গুনিয়ায় নয়, রাউজান, ফটিকছড়িসহ আশপাশের বিভিন্ন এলাকাও আকস্মিক বন্যার (ফ্ল্যাশ ফ্লাড) প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী দুই থেকে তিন দিন আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সরকারি কর্মকর্তা ও প্রশাসনের সদস্যরা দিন-রাত কাজ করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছেন।

পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী ও নগদ সহায়তা তুলে দেন তিনি। একই সঙ্গে দুর্গত মানুষের দ্রুত পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কয়েক দিনের টানা বর্ষণে রাঙ্গুনিয়া পৌরসভার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তাদের সহায়তায় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।