রাজধানীর হাসপাতালগুলোর ওপর রোগীর চাপ কমাতে উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আরও সক্ষম করে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ডিএমসি) ডে-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে আয়োজিত প্রশ্নোত্তর পর্বে চিকিৎসকরা স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও চলমান নানা বিষয় প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। জবাবে প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগের কথা তুলে ধরেন।

এ সময় রাজধানীকেন্দ্রিক চিকিৎসাসেবার ওপর নির্ভরশীলতা কমানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী চিকিৎসকদের শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও সমান গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।