বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছে। নির্বাচনের প্রায় এক সপ্তাহ পর অনুষ্ঠিত এ আয়োজনে নতুন কমিটির সদস্যরা সংগঠনের দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।

বুধবার (৮ জুলাই) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মিশা সওদাগর নবনির্বাচিত সভাপতি শিবা সানুকে শপথ বাক্য পাঠ করান। পরে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর শিবা সানু সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের শপথ পড়ান।

সহ-সভাপতি পদে নির্বাচিত ইলিয়াস কোবরা ব্যক্তিগত কারণে ঢাকার বাইরে থাকায় শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে কমিটির অন্য সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

প্রয়াত চলচ্চিত্র শিল্পীদের স্মরণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আপিল কমিটির সদস্য ও বরেণ্য অভিনেতা-নির্মাতা কাজী হায়াত নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য উল্লেখ করে নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক অনুমোদন দেন।

অনুষ্ঠানে উপস্থিত চলচ্চিত্র প্রযোজক ও সংগঠক খোরশেদ আলম খসরু নতুন নেতৃত্বকে শিল্পের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংগঠনের নীতিমালা অনুসরণ করার আহ্বান জানান। বিদায়ী সভাপতি মিশা সওদাগরও নতুন কমিটির প্রতি নিয়মিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং শিল্পীদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে শিল্পী সমিতি আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তিনি আশাবাদী।

উল্লেখ্য, গত ৩ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী নির্বাচিত হন। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক সুব্রত, সাংগঠনিক সম্পাদক সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন কামরুজ্জামান কমল।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কায়েস আরজু, আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা ও ফরহাদ।