তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত মহি এলদিন আহমেদ ফাহমি। সাক্ষাতে দুই দেশের গণমাধ্যম সহযোগিতা, ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলা এবং যৌথ মিডিয়া ফোরাম গঠনের বিষয়ে আলোচনা হয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সরকারের মিডিয়া ব্যবস্থাপনা বিষয়ে গৃহীত বিভিন্ন উদ্যোগ রাষ্ট্রদূতের সামনে তুলে ধরেন। তিনি বলেন, ডিজিটাল যুগে ভুলতথ্য ও অপতথ্য মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও যৌথ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

এ সময় দুই দেশের মধ্যে গণমাধ্যম খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহের কথাও জানান তথ্যমন্ত্রী।

মিশরের রাষ্ট্রদূত মহি এলদিন আহমেদ ফাহমি বাংলাদেশ ও মিশরের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে এ সম্পর্ক আরও জোরদারে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

তিনি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে দুই দেশের জনগণের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি গুরুত্বপূর্ণ।

এ সময় গণমাধ্যম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর এবং বাংলাদেশ-মিশর যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব দেন মিশরের রাষ্ট্রদূত।