মেহেন্দিগঞ্জ উপজেলায় ৫ কেজি গাঁজাসহ মো. সোহেল (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার (৫ জুলাই) সকাল আনুমানিক সোয়া ৭টার দিকে উপজেলার ১২নং দড়িচর খাজুরিয়া ইউনিয়নের নতুনহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত সোহেল ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. আলমগীর হোসেন প্যাদার ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিন উদদীনের নির্দেশনায় মাদকবিরোধী একটি বিশেষ অভিযান চালায় পুলিশ।

সকাল ৭:১৫ মিনিটে ৪ নম্বর ওয়ার্ডের দড়িচর খাজুরিয়া লঞ্চঘাট সংলগ্ন নতুনহাট বাজারে দেলোয়ার বেপারীর চায়ের দোকানের সামনে সোহেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে থামানো হয়।

​পরবর্তীতে তার সাথে থাকা একটি নেভি ব্লু রঙের ব্যাগ তল্লাশি করে পুলিশ। ব্যাগের ভেতর খাকি রঙের কস্টেপ দিয়ে মোড়ানো দুটি প্যাকেটে মোট ৫ কেজি গাঁজা পাওয়া যায়। এরপরই পুলিশ গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।

​মেহেন্দিগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি মোঃ মমিন উদদীন।