ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় চুরির অভিযোগকে কেন্দ্র করে এক যুবক গণপিটুনির শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নর ৮ নম্বর ওয়ার্ডে গভীর রাতে বৈদ্যুতিক মোটর চুরির সময় এক যুবককে স্থানীয়রা আটক করেন। পরে তাকে মারধর করা হলে তিনি গুরুতর আহত হন।

আহত অবস্থায় তাকে দ্রুত কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, চুরির সন্দেহে আটক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং গণপিটুনির ঘটনা ঘটে।

এ বিষয়ে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছের রায়হান বলেন, তদন্ত চলছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।