আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশকে বিশ্বের শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশের মধ্যে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
রোববার (১৭ মে) বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা রেহান আসিফ বলেন, আগামী ১০ বছরের মধ্যে শীর্ষ ১০ ডিজিটাল ইকোনমির দেশ হতে চায় বাংলাদেশ। এই যাত্রা কঠিন হলেও সম্ভব। সরকার সে পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
দেশে ৫জি সেবা চালুর জন্য আগামী পাঁচ বছরের মধ্যে একটি শক্তিশালী ফাইবার অপটিক নেটওয়ার্ক গড়ে তোলা হবে জানিয়ে তিনি বলেন, একই সঙ্গে টেলিকম খাতে করহার কমানোর বিষয়েও কাজ চলছে।
উপদেষ্টা আরও বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি নাগরিকের জন্য ডিজিটাল আইডি ও ডিজিটাল ওয়ালেট চালুর পরিকল্পনা রয়েছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিকে আরও গতিশীল করবে।
মন্তব্য করুন