গাইবান্ধার সাঘাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। সেইসাথে ইটভাটা গুলোর জরিমানা করা হয়েছে ১২ লাখ ৫০ হাজার টাকা। বুধবার (৮ এপ্রিল ) গাইবান্ধা জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর সুত্রে জানা যায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনের ২০১৩ (সংশোধিত ২০১৯) বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে উপজেলার পদুমশহর ইউনিয়নের টেপা পদুমশহরের মেসার্স বিএমকে-২ ব্রিকসের প্রোপাইটার মনির হোসেনের ৫ লাখ টাকা, বাটি গ্রামের মেসার্স এআরবি ব্রিকসের প্রোপাইটার আছিয়া রহমানের ৪ লাখ টাকা এবং হাপানিয়া গ্রামের মেসার্স সেভেন স্টার ব্রিকসের প্রোপাইটার মুকুল মিয়ার ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানার অর্থ আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুল। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শের আলম। এ সময় গাইবান্ধা জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোমেন পাল এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক উত্তম কুমারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাব সদস্যরা সহযোগিতা প্রদানকরেন। ।
মন্তব্য করুন