ঝালকাঠির ছত্রকান্দায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ ১৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শনিবার (২২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি।
স্থানীয় কয়েকজন জানান, ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছত্রকান্দা এলাকায় আসার পর একটি অটোরিকশাকে পাশ কাটাতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়।
খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। ক্রেন দিয়ে গাড়িটি তোলার চেষ্টা করছে পুলিশ।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল। এসপি বলেন, এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা শঙ্কাজনক।
মন্তব্য করুন