মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রায় ২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি প্রসাধনীসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুন জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৭ নম্বর রাজঘাট ইউনিয়নের উদনাছড়া চা বাগানের ৯ নম্বর সেকশনের সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—উদনাছড়া চা বাগানের ৮ নম্বর বস্তির মিলন তাঁতী (২৮) ও কাজল রাজগড় (২১)।

শ্রীমঙ্গল থানার এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ফেসওয়াশ, সানস্ক্রিন, বিবি ক্রিম, কাজল ও ময়েশ্চারাইজারসহ মোট ৪৭২টি প্রসাধনী পণ্য জব্দ করা হয়। জব্দ পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তাররা শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব প্রসাধনী বাংলাদেশে এনেছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।