স্টেক হলো গরুর মাংসের তুলনামূলক মোটা ও নরম অংশের টুকরা, যা সাধারণত গ্রিল, প্যান-সিয়ার বা ভেজে রান্না করা হয়। সঠিক মাংস নির্বাচন ও রান্নার কৌশল জানা থাকলে ঘরেই তৈরি করা সম্ভব রেস্টুরেন্টের মতো সুস্বাদু বিফ স্টেক।

পারফেক্ট স্টেকের প্রথম শর্ত হলো ভালো মাংস নির্বাচন। গরুর শরীরের যেসব অংশের পেশির ব্যবহার কম, সেসব অংশের মাংস তুলনামূলকভাবে নরম ও কোমল হয়। মেরুদণ্ডের কাছাকাছি অংশের মাংস স্টেকের জন্য বেশ উপযোগী।

যেভাবে তৈরি করবেন

স্টেক রান্নায় অতিরিক্ত মসলা ব্যবহারের প্রয়োজন নেই। লবণ ও গোলমরিচ দিয়ে মাংস ভালোভাবে সিজন করলেই যথেষ্ট। স্বাদ বাড়াতে রান্নার সময় বাটার ও রসুন ব্যবহার করা যায়।

প্রথমে একটি ভারী প্যান ভালোভাবে গরম করে সামান্য তেল দিতে হবে। এরপর স্টেক প্যানে দিয়ে উচ্চ তাপে দুই পাশ ভালোভাবে সিয়ার করতে হবে। এতে মাংসের বাইরের অংশে সুন্দর বাদামি ক্রাস্ট তৈরি হবে।

প্রতি এক থেকে দুই মিনিট পর স্টেক উল্টে দিতে পারেন। রান্নার শেষ দিকে রসুন ও বাটার যোগ করে গলানো বাটার চামচ দিয়ে বারবার স্টেকের ওপর ঢেলে দিতে হবে। চাইলে রোজমেরি বা থাইমের মতো হার্বও ব্যবহার করা যায়।

রান্নার পর রেস্টিং কেন জরুরি?

স্টেক রান্নার পর সঙ্গে সঙ্গে কেটে ফেললে ভেতরের রস বের হয়ে যেতে পারে। তাই চুলা থেকে নামানোর পর পাঁচ থেকে ছয় মিনিট রেখে দিতে হয়। এই সময়কে বলা হয় ‘রেস্টিং’। এতে মাংসের ভেতরের রস কিছুটা স্থির হয়ে যায় এবং স্টেক আরও রসালো থাকে।

পরিবেশন

স্টেক পরিবেশন করা যায় ফ্রেঞ্চ ফ্রাই, ম্যাশড পটেটো কিংবা সবজির সঙ্গে। সঠিক মাংস নির্বাচন, উচ্চ তাপে সিয়ার এবং রান্নার পর পর্যাপ্ত রেস্টিং—এই তিনটি বিষয় মেনে চললেই ঘরেই তৈরি করা সম্ভব নরম, রসালো ও সুস্বাদু বিফ স্টেক।