কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর অপ্রতিমকে লালমাই পাহাড়ের সানন্দা এলাকার নির্জন স্থানে নিয়ে যাওয়ার ঘটনায় তুহিনকে হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তুহিন আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অপ্রতিমকে সেখানে নেওয়ার কথা স্বীকার করে এবং ঘটনায় ফাহাদ ও কামরুলের সম্পৃক্ততার তথ্য দেয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, সানন্দার নির্জন এলাকায় আইফোন ছিনিয়ে নেওয়ার সময় অপ্রতিম বাধা দিলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে তাকে আঘাত করলে তার মৃত্যু হয়। পরে তারা আইফোনটি নিয়ে পালিয়ে যায়।

পুলিশ সুপার জানান, তুহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাসার তোশকের নিচ থেকে অপ্রতিমের আইফোনটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তুহিন, ফাহাদ ও কামরুলকে গ্রেপ্তার করা হয়েছে। সিয়াম নামে আরও একজনকে আটক করে তার সম্পৃক্ততার তথ্য যাচাই করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে। তদন্ত শেষ করে দ্রুত আদালতে অভিযোগপত্র দাখিলের কথা জানিয়েছেন পুলিশ সুপার।