পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং এসিল্যান্ড না থাকায় বাজার মনিটরিং না থাকার সুযোগে বাসা-বাড়ীতে তেল মজুদ করে সরবরাহ না থাকার অজুহাতে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মূল্যে পেট্রোল,অকটেন বিক্রি করার অভিযোগ উঠেছে মির্জাগঞ্জের পেট্রোল- অকটেন বিক্রেতাদের বিরুদ্ধে। উপজেলার সর্বত্র দেখা দিয়েছে পেট্রোল এবং অকটেনের তীব্র সংকট। এতে বিপাকে পড়েছেন মোটর সাইকেল ও অন্যান্য যানবাহন চালকরা। প্রশাসনের কোনো তদারকি না থাকায় কিছু ব্যবসায়ী দোকান বন্ধ রেখে গোপনে প্রতি লিটার পেট্রোল, অকটেন ৪০-৫০ টাকা বৃদ্ধি করে বিক্রি করছেন বলে যানবাহন চালকরা অভিযোগ করেন। পেট্রোল অকটেনের সংকট ও অতিরিক্ত মূল্য রোধকল্পে অতিদ্রুত অভিযান পরিচালনা করে মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টিকারী ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দাসহ যানবাহন চালকরা।
মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মলিহা খানম সম্প্রতি বদলী হওয়া ও সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ রাসেল মুন্সী প্রশিক্ষনের জন্য দীর্ঘদিন ঢাকায় অবস্থান করায় উপজেলা প্রশাসনের মনিটরিং না থাকার সুযোগে ব্যবসায়ীরা আইনের তোয়াক্কা না করে বেপরোয়া হয়ে উঠেছেন।
অনুসন্ধান করে জানা গেছে, টানা এক সপ্তাহ ধরে মির্জাগঞ্জ উপজেলার সর্বত্র পেট্রোল এবং অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। বিক্রেতা প্রতিষ্ঠানগুলো পেট্রোল অকটেনের সরবরাহ হচ্ছে না বলে বিক্রি বন্ধ করে দিয়েছেন। অপরদিকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য দিলে ব্যবসায়ীরা গোপনে পেট্রোল অকটেন বিক্রি করছেন বলেও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, অতিরিক্ত মুনাফার লোভে অনেক ব্যবসায়ী সিন্ডিকেট করে পেট্রোল, অকটেনের তীব্র সংকট সৃষ্টি করেছেন বলেও এলাকায় সর্বত্র আলোচনা চলছে। এছাড়াও তেল না থাকায় বিক্রেতাদের তেলের খালি ড়্রামগুলো দোকানে না থাকায় সেগুলো খুঁজে বের করার দাবী জানান যানবাহন চালক ও স্থাণীয়রা।

শনিবার (০৪ এপ্রিল) বিকালে উপজেলার সুবিদখালী বন্দরের তিনরাস্তার মোড় সংলগ্ন মুন্নি ট্রেডার্স ও সুবিদখালী সরকারী কলেজ সংলগ্ন বাসষ্ট্যান্ডের খান পোল্ট্রি ফিড ও ফিস দোকানে সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, দোকানের সামনে মোটরসাইকেল নিয়ে দাড়িয়ে আছেন শতাধিক চালক, ১৩০ টাকা করে প্রতিটি গাড়ীতে ২লিটার করে তেল দেয়া হচ্ছে। এছাড়াও সুবিদখালী সরকারী কলেজ সংলগ্ন বাসষ্ট্যান্ড, রাণীপুর ও মহিষকাটা বাজার এলাকায় সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, অধিকাংশ পেট্রোল – অকটেনের দোকান বন্ধ রয়েছে। দু – একটি দোকান খোলা থাকলেও তাদের কাছে তেল নাই বলে বিক্রেতারা জানান। তেল নিতে আসা অপেক্ষমান কয়েকজন চালক অভিযোগ করেন- ডিপো থেকে তেল সরবরাহ কম থাকায় কিছু লোকজন গাড়ীতে তেল নেওয়ার পর বাসায় গাড়ী রেখে বোতল নিয়ে পুনঃরায় তেল নিয়ে মজুদ করায় এ উপজেলায় দিন দিন তেলের সংকট বাড়ছে।
নাম প্রকাশ না করার শর্তে সুবিদখালী সরকারী কলেজ রোডস্থ কয়েকজন স্থানীয় চালক অভিযোগ করেন – এখানকার কয়েকজন খুচরা বিক্রেতা দোকান বন্ধ রেখে বাসা – বাড়ীতে তেল বোতলজাত করে মজুদ করে রেখেছেন। তারা আমাদের নিকট তেল বিক্রি না করে পার্শ্ববর্তী বেতাগী উপজেলা ও চান্দখালী এলাকা থেকে আসা মোটর সাইকেল ও মাহিন্দ্রা চালকদের নিকট ৪০-৫০ বাড়তি মূল্যে তেল বিক্রি করছেন। প্রয়োজনীয় তেল না পাওয়ায় দিনে এক বেলা গাড়ী চালিয়ে বসে থাকতে হচ্ছে, উপার্জন কম হওয়ায় পরিবার পরিজন নিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
উপজেলা সদর সুবিদখালী বন্দরের বাসিন্দা মোঃ আজাদ ও মুন্না অভিযোগ করেন, উপজেলা সদরের তেলের দোকানগুলোতে পেট্রোল, অকটেন পাওয়া যাচ্ছে না। অনেক কষ্টে উপজেলার রোকেয়া খানম বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন স্থানীয় কবুতর ব্রীজ এলাকায় রাস্তার পাশের্^ একটি দোকান থেকে ১৭০টাকা লিটার ধরে ৩৪০টাকায় দুই লিটার পেট্রোল ক্রয় করেছি। অকটেন তেল আরো বেশি মূল্যে বিক্রি করছেন। ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মোঃ নজরুল ইসলাম, মোঃ জাকির, বেলাল হোসেন ও মোঃ রাজ্জাক গাজী বলেন – বিভিন্ন এনজিও থেকে ঋন তুলে মোটরসাইকেল কিনে ভাড়ায় যাত্রী পরিবহন করে জীবিকা নির্বাহ করি, কিন্তু তেলের সংকটের কারনে আগের মতো ট্রিপ দিতে না পারায় ইনকাম কম হওয়ায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। এনজিওর ঋনের টাকা কিভাবে পরিশোধ করবো তা নিয়েও দুশ্চিন্তায় আছি।
সুবিদখালী তিন রাস্তার মোড়ের মুন্নি ট্রেডার্স এর স্বত্বাধিকারী মোঃ মোকলেছ মৃধা বলেন, প্রায় ১সপ্তাহ পরে বরিশাল ডিপো থেকে আজ দুই হাজার লিটার (১০ ব্যারেল) প্রেট্রোল পেয়েছি। উপজেলার আটজন পাইকার আট ব্যারেল তেল নিয়ে গেছেন। বাকী দুই ব্যারেল (চার শত লিটার) তেল ১৩০টাকা প্রতি লিটার খুচরা বিক্রি করছি। একটি গাড়ীতে ২লিটার করে দিচ্ছি, অনেক মোটরসাইকেল চালক ২লিটারের বেশী তেল চেয়ে না পেয়ে বিশৃঙ্খলার চেষ্টা করেন।
মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশনের উপজেলার লাইসেন্সধারী পেট্রোল-অকটেন বিক্রেতা প্রতিষ্ঠান হাওলাদার ট্রেডার্সের পরিচালক মোঃ ফারুক হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গত কয়েক সপ্তাহ ধরে পেট্রোল,অকটেন ও ডিজেলের সরবরাহ অনেক কম পাচ্ছি, বাড়তি টাকা জমা দিয়েও যেটুকু জ¦ালানি পাচ্ছি তা প্রয়োজনের তুলনায় খুবই কম, ফলে সংকটের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার ১ব্যারেল (২০০ লিটার) পেট্রোল পেয়েছিলাম, ৪০ মিনিটের মধ্যে তেল শেষ হয়ে গেছে। বৃহস্পতিবার (০১ এপ্রিল) ডিপোতে টাকা পাঠিয়েছি, আগামী মঙ্গলবার (০৭ এপ্রিল) আবার তেল আসলে বিক্রি করতে পারবো। আমি সরকার নির্ধারিত মুল্যেই গ্রাহকদের কাছে তেল বিক্রি করছি।
এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা অতিরিক্তি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওজাতুন জান্নাত এর সাথে কথা বলতে শনিবার বিকালে এবং গতকাল রবিবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন