জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলা বিএনপির আয়োজনে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্কে নেতাকর্মীদের উপস্থিতিতে এই জনসমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।

সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর এবং কেন্দ্রীয় ওলামা দলের সাবেক মহাসচিব মাওলানা নেছারুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া, প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, বিশেষ বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র মোশতাক আহমেদ পিনু।

সমাবেশে বক্তারা বলেন, গত পনের বছরে পটুয়াখালীর বিএনপির অফিস ১৪ বার ভেঙে চুরমার করা হয়েছে, এমনকি অফিসের বৈদ্যুতিক ফ্যানের পাখাগুলোও চুরি করে নিয়ে গেছে। আমরা রাস্তায় নামতে পারিনি, ঘরে ঘুমাতে পারিনি, সন্তানের খোঁজ নিতে পারিনি, তবুও জেলার মধ্যে ছিলাম কিন্তু দেশ থেকে আমাদের কেউ পালিয়ে যায়নি। অথচ শেখ হাসিনা পালিয়ে গেছে। দলের সদস্যদের কথা তিনি চিন্তা করেননি। বক্তারা বলেন, পটুয়াখালী শান্তির শহর, আমরা সম্মিলিতভাবে এই শহরকে শান্তিপ্রিয় শহর বানিয়ে রাখব।

নেতাকর্মীরা সকাল থেকে শহর এবং সদর উপজেলার ১৪টি ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জনসভাস্থলে উপস্থিত হন। এসময় কারও হাতে ধানের শীষ, জিয়াউর রহমানের প্লাকার্ড ছিল। এছাড়া খালেদা জিয়ার প্রতিরূপ সাজিয়ে ঢাকঢোল পিটিয়ে গোটা শহরে মিছিলের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেন।

জনসভায় সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দলের নেতাকর্মীসহ দলের সমর্থকরা উপস্থিত ছিলেন।