দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকায় দাঁড়িয়েছে। যা ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের ষষ্ঠ দিনে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খানের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৯০১ কোটি ৮২ লাখ টাকা, যা ওই সময়ের বিতরণ করা মোট ঋণের ৭ দশমিক ৬৪ শতাংশ। ২০২৩ সালে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৩৯ শতাংশে। ২০২৪ সালে তা বেড়ে হয় ১৭ দশমিক ৮৩ শতাংশ। ২০২৫ সালে এ হার আরও বেড়ে দাঁড়ায় ২৯ দশমিক ৯২ শতাংশে।
অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি ১৭ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশ।
খেলাপি ঋণ আদায়ের কর্মপরিকল্পনা সম্পর্কে অর্থমন্ত্রী জানান, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা, বড় খেলাপিদের কাছ থেকে ঋণ আদায় এবং ভবিষ্যতে ঋণ জালিয়াতি প্রতিরোধে সময়াবদ্ধ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
মন্তব্য করুন