আসন্ন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্‌যাপনে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল, বিশেষ করে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে।

সোমবার (১৬ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয়, বিজয় দিবসের সকালে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, দেশি-বিদেশি ভিভিআইপি এবং সাধারণ মানুষের স্মৃতিসৌধে যাতায়াত ও পুষ্পস্তবক অর্পণ নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। এ জন্য স্মৃতিসৌধ এলাকা ও প্রবেশপথে পর্যাপ্ত সিসিটিভি ও আইপি ক্যামেরা স্থাপন করা হবে। এসব ক্যামেরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও সংশ্লিষ্ট পুলিশ কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকবে।

নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে পুলিশের বিশেষ শাখাসহ (এসবি) সব গোয়েন্দা সংস্থাকে সতর্ক থেকে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গভবনের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের দেহ ও যানবাহনে তল্লাশি এবং রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া ঢাকা থেকে সাভার যাওয়ার প্রধান সড়ক ও স্মৃতিসৌধের আশপাশে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্মৃতিসৌধসহ প্রধান অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় জনবলসহ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি মোতায়েন রাখা হবে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।