দেশের প্রতিটি জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন ছিল বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মুক্তমঞ্চে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়, এটা ড্রিম অব খালেদা জিয়া।’ শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর মনে হয়েছিল, আমরা যেন একটি গাড়িতে বসে সামনের দিকে নয়, পেছনের দিকে যাচ্ছি। তবে দেশব্যাপী শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে তরুণ প্রজন্মকে প্রস্তুত হতে হবে। গতানুগতিক শিক্ষাধারা থেকে বেরিয়ে আসতে হবে। শিক্ষার্থীদের শুধু এআইনির্ভর হলে চলবে না, জ্ঞাননির্ভর হতে হবে। বাংলাদেশে অর্থবহ শিক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
মন্তব্য করুন