দেশে হামের পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৪ জন।

নতুন শনাক্তদের মধ্যে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ১ হাজার ৩৫৭ জন এবং পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ৮৭ জন।

মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৪ হাজার ৬১০ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন।

মৃত্যুর পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। তবে এ সময়ে মোট নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে।