পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই জ্বালানি উন্নয়ন ও স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও এডিবির মধ্যে ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত ৭ অক্টোবর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের পার্ল রুমে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং চুক্তিতে স্বাক্ষর করেন। এ ছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) পক্ষে বোর্ডের সচিব (অতিরিক্ত দায়িত্ব) আফরোজা সুলতানা ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিউবোর সদস্য (বিতরণ) মো. আ. বাছিদসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদ ও প্রত্যন্ত এলাকায় জ্বালানি সুবিধা সম্প্রসারণ এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা গেলে স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং সামাজিক সেবা কার্যক্রম পরিচালনায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এডিবির অর্থায়নে ‘টেকসই জ্বালানি উন্নয়ন ও কমিউনিটির ক্ষমতায়ন’ প্রকল্পটি বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলে জ্বালানি খাতের উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

এশীয় উন্নয়ন ব্যাংক এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ঋণ, অনুদান ও কারিগরি সহায়তা দিয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন খাতেও দীর্ঘদিন ধরে অর্থায়ন ও সহযোগিতা করে আসছে সংস্থাটি।