গাইবান্ধার গোবিন্দগঞ্জে চোরাই গরু জবাই করে ছেলের বৌভাতের আয়োজন করার অভিযোগে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জবাই করা গরুর মাংস, চামড়া ও মাথা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ভণ্ডুল হয়ে যায় বৌভাতের আয়োজন।
শনিবার (৩ অক্টোবর) উপজেলার কামারদহ ইউনিয়নের বকশিচর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার রফিকুল ইসলামের ছেলে সোহানের সঙ্গে রুদ্রনগর গ্রামের আইয়ুব আলীর মেয়ের বিয়ে হয়। পরদিন বৌভাত উপলক্ষে অতিথিদের জন্য একটি গরু জবাই করা হয়।
এদিকে পূর্ব মাস্তা গ্রামের মৃত আলী শেখের ছেলে শহিদুল ইসলাম জানতে পারেন, শুক্রবার ভোররাতে তার একটি গরু গোয়ালঘর থেকে চুরি হয়েছে। পরে গরুর পায়ের দাগ অনুসরণ করে তিনি ও তার ভাতিজা আনারুল রফিকুলের বাড়িতে গিয়ে জবাই করা গরুটি শনাক্ত করেন।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হলে রফিকুলের ছেলে রাব্বি ধারালো অস্ত্র দিয়ে আনারুলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে বর সোহান ও তার ভাই রাব্বি পালিয়ে যান। রফিকুল ইসলামকে আটক করে থানায় নেওয়া হয়। একই সঙ্গে জবাই করা গরুর মাংস, চামড়া ও মাথা জব্দ করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ওসি মাহফুজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন