রাজধানী ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তোলা এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘চেতনায় বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শান্তিনগরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চেতনায় বাংলাদেশ-এর সভাপতি ইঞ্জিনিয়ার ফায়সাল সালাম সাগর। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহজাহান।

সভায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের সভাপতি এস এম মোমো, ক্রীড়া সংগঠক আহমেদ আলী, সংগঠনের কার্যকরী সভাপতি বাবর আলী বাবরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সভায় প্রয়াত জাহাঙ্গীর আলমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো ও জাহাঙ্গীর আলমের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মতবিনিময় সভায় ঢাকাকে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি ও হেলদি সিটি’ হিসেবে গড়ে তুলতে পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ, জনসচেতনতা ও স্বাস্থ্য সুরক্ষায় ধারাবাহিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়।

এ ছাড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে পৃথক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কমিটির মাধ্যমে স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম, জনসচেতনতা সৃষ্টি এবং মশাবাহিত রোগ প্রতিরোধে নাগরিকদের সম্পৃক্ত করা হবে।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদারের অংশ হিসেবে পল্টন ও সূত্রাপুর থানা কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক সম্প্রসারণ এবং সামাজিক ও মানবিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, বাসযোগ্য নগরী গড়ে তুলতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি নাগরিক সমাজ, সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।