ফিফা আসিয়ান কাপে দুঃসময় কাটছে বাংলাদেশের। টানা দুই ম্যাচ হারের পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নেমে প্রথমার্ধেই ছয় গোল হজম করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বিরতিতে ৬-১ গোলে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ।
ইন্দোনেশিয়ার বিপক্ষে শেষ ম্যাচে শুরুটা অবশ্য গোছানো ছিল বাংলাদেশের। তবে ১১তম মিনিটে লে বেকারের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ২০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি।
৩২তম মিনিটে রিজকি রিদোর পাস থেকে ইন্দোনেশিয়ার তৃতীয় গোল আসে। ৩৬তম মিনিটে সুকির ক্রস থেকে হেডে গোল করে বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন শাহরিয়ার ইমন।
তবে পরের মিনিটেই নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন লে বেকার। ৪২তম মিনিটে নিজের চতুর্থ গোল করে ব্যবধান ৫-১ করেন তিনি।
প্রথমার্ধের যোগ করা সময়ে ইন্দোনেশিয়ার হয়ে ষষ্ঠ গোলটি করেন হাবনার। ফলে বিরতিতে ৬-১ গোলের বড় ব্যবধানে পিছিয়ে থাকে বাংলাদেশ।
মন্তব্য করুন