ম্যাচজুড়ে আক্রমণে আধিপত্য দেখাল ফ্রান্স। তবে বেলজিয়ামের গোলরক্ষকের দৃঢ়তায় বারবার আটকে যাচ্ছিল তাদের আক্রমণ। একবার ক্রসবারও ফ্রান্সকে হতাশ করে। শেষ পর্যন্ত বদলি নেমে মাইকেল ওলিসের দুর্দান্ত গোলে বেলজিয়ামকে হারিয়ে জয়ের ধারা ধরে রাখল ফরাসিরা।
সোমবার রাতে ব্রাসেলসে বেলজিয়ামকে ১-০ গোলে হারায় ফ্রান্স। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে তারা। ৩ পয়েন্ট করে নিয়ে বেলজিয়াম দ্বিতীয় ও ইতালি তৃতীয় অবস্থানে আছে। তুরস্ক এখনো পয়েন্টের দেখা পায়নি।
ম্যাচে প্রায় ৬৫ শতাংশ বলের দখল রেখে ১৮টি শট নেয় ফ্রান্স, যার সাতটি ছিল লক্ষ্যে। বিপরীতে বেলজিয়ামের ১২ শটের মাত্র দুটি লক্ষ্যে ছিল।
তুরস্কের বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে নয়টি পরিবর্তন নিয়ে মাঠে নামে ফ্রান্স। অভিষেক হয় আঁদি দিউফ, জেহেমি জ্যাকে ও লুকা দা কুইয়ার। চোটের কারণে ছিলেন না অধিনায়ক কিলিয়ান এমবাপে।
প্রথমার্ধে ফ্রান্স একাধিক সুযোগ তৈরি করলেও গোল পায়নি। দেজিরে দুয়ের একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া ছিল ফরাসিরা। কয়েকটি ভালো সুযোগ নষ্ট হওয়ার পর ৭৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ওলিসে।
নির্ধারিত সময়ের দুই মিনিট আগে রায়ান শের্কির ক্রস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত বেলজিয়ামের বক্সে ঢুকে বাঁ পায়ের জোরালো নিচু শটে গোল করেন বায়ার্ন মিউনিখের এই উইঙ্গার।
ওলিসের গোলের পর টাচলাইনে ছুটে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ফ্রান্সের কোচ জিনেদিন জিদান। ফলে নতুন কোচের অধীনে টানা দ্বিতীয় জয় পেল ফ্রান্স।
মন্তব্য করুন