জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক দাতব্য, জনহিতকর ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি) ও রোটারি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকে বৈশ্বিক মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন, মানবিক সহায়তা এবং প্রযুক্তিনির্ভর উদ্যোগে আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বিশেষ করে দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, জলবায়ু সহনশীলতা ও মানবিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক জনহিতকর প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।

প্রাতরাশ বৈঠকের পর প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চপর্যায়ের একটি সাইড ইভেন্টে অংশ নেবেন। সেখানে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন, ন্যায়বিচার ও জবাবদিহিতার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরা হবে।

এ ছাড়া বুধবার ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকেও প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা রয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর ইউএনজিএর সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেবেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে সাধারণ বিতর্কে এটিই হবে তার প্রথম ভাষণ।