ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তরুণ উদ্যোক্তাদের নিয়ে সরকারের উদ্যোগ আরও বড় পরিসরে বাস্তবায়নে বিশ্বব্যাংকের সঙ্গে কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের ফাঁকে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সঙ্গে প্রায় ৩০ মিনিটের বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের বিদ্যমান অংশীদারিত্ব, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং উন্নয়ন প্রকল্পে সংস্থাটির সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয় উঠে আসে। সামাজিক সুরক্ষা কর্মসূচির পাশাপাশি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডে বিশ্বব্যাংকের সহায়তা নিয়েও আলোচনা হয়।
তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষ। ৫০ শতাংশ গ্র্যান্ট ও ৫০ শতাংশ কনসেশনাল লোনের মাধ্যমে এসব কর্মসূচি বিশ্বব্যাংকের সহযোগিতায় আরও বড় পরিসরে বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে।
এ ছাড়া বৈশ্বিক ও বহিরাগত বিভিন্ন ধাক্কায় বাংলাদেশের অর্থনীতিতে তৈরি হওয়া চাপ এবং তেল-গ্যাস সরবরাহের সমস্যার বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়। চলমান উন্নয়ন প্রকল্পগুলো যাতে এসব সংকটে বাধাগ্রস্ত না হয়, সে জন্য বিশ্বব্যাংকের কাছে ‘ক্রিটিক্যাল সাপোর্ট’ চাওয়া হয়েছে। বিশ্বব্যাংক বিষয়টি দেখবে বলে আশ্বস্ত করেছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশ একসঙ্গে কাজ করবে।
এর আগে মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া স্বাগত নাশতায় অংশ নেন প্রধানমন্ত্রী। আগামী ২৪ সেপ্টেম্বর ইউএনজিএর সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
মন্তব্য করুন