ফিফার নগদ তহবিল থেকে ২১১টি সদস্য সংস্থার প্রত্যেককে অন্তত ১ কোটি ডলার করে দেওয়ার আহ্বান জানিয়েছে উয়েফা ও কনকাকাফ। বাংলাদেশও এই সদস্যদের তালিকায় রয়েছে।

বিবিসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পাঠানো চিঠিতে উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন ও কনকাকাফ প্রধান ভিক্টর মন্তালিয়ানি এ আহ্বান জানান।

চিঠিতে বলা হয়, ২০২৩-২৬ মেয়াদ শেষে ফিফার নগদ তহবিল প্রায় ৬০০ কোটি ডলারে পৌঁছাতে পারে। ২০৩০ সালের পুরুষ বিশ্বকাপ পর্যন্ত ফিফার প্রয়োজনের তুলনায় এই অর্থ অনেক বেশি বলেও উল্লেখ করা হয়েছে।

উয়েফা ও কনকাকাফের প্রস্তাব অনুযায়ী, ২০২৭-৩০ চক্রে ২১১ সদস্য সংস্থাকে নিয়মিত বরাদ্দের অতিরিক্ত এককালীন ১ কোটি ডলার করে দেওয়া হবে। এতে মোট ব্যয় হবে ২১১ কোটি ডলার। অবকাঠামো নির্মাণ ও ফুটবলের উন্নয়নে এই অর্থ ব্যবহারের কথা বলা হয়েছে।

এর আগে ফিফার বিতর্কিত পরিকল্পনা নিয়ে সব নথি প্রকাশের দাবি জানিয়ে ইনফান্তিনো ও ফিফার মহাসচিব মাটিয়াস গ্রাফস্ট্রোমকে চিঠি দেন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) চেয়ারপারসন ডেবি হিউইট।

ইনফান্তিনো আগামী মার্চে চতুর্থবারের মতো ফিফা সভাপতি নির্বাচনে লড়বেন। তার বিরোধীদের বিকল্প প্রার্থী মনোনয়নের সময়সীমা আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।