বন্ধ হয়ে যাওয়া শিল্প ও সেবা খাতের প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার প্রাক্-অর্থায়ন স্কিমে গ্রাহক পর্যায়ে ঋণের সুদহার সর্বোচ্চ ৭ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ঋণ বিতরণের পর ছয় মাসের গ্রেস পিরিয়ড দেওয়া হয়েছে। এ সময়ে গ্রাহকের কাছ থেকে কোনো সুদ আদায় করা যাবে না।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জারি করা এক সার্কুলারে এসব নির্দেশনা দেওয়া হয়।

সার্কুলারে বলা হয়েছে, স্কিমের আওতায় ব্যাংক পর্যায়ে সুদের হার সর্বোচ্চ ৪ শতাংশ। বাংলাদেশ ব্যাংক থেকে নেওয়া প্রাক্-অর্থায়নের বিপরীতে ব্যাংকগুলোকে এ হারে সুদ দিতে হবে। তবে প্রাক্-অর্থায়ন নেওয়ার ছয় মাস পর থেকে সুদ পরিশোধ শুরু হবে এবং প্রথম দুই ত্রৈমাসিকের বকেয়া সুদও এর আওতায় থাকবে।

গ্রাহক পর্যায়ে সুদ ও অন্যান্য চার্জসহ সর্বোচ্চ ৭ শতাংশ হারে ঋণ নেওয়া যাবে। ঋণ বিতরণের ছয় মাস পর থেকে গ্রাহকের কাছ থেকে সুদ আদায় শুরু করতে হবে।

সংশোধিত নীতিমালা অনুযায়ী, গ্রেস পিরিয়ড শেষে ব্যাংকগুলোকে ত্রৈমাসিক ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের প্রাক্-অর্থায়নের সুদ পরিশোধ করতে হবে। তহবিলের প্রাপ্যতা সাপেক্ষে স্কিমের তিন বছরের মেয়াদে যেকোনো সময়ে প্রাক্-অর্থায়নের জন্য আবেদন করা যাবে।

এ ছাড়া আগের নির্দেশনায় ব্যবহৃত ‘বৃহৎ শিল্প’ শব্দযুগলের পরিবর্তে ‘শিল্প’ শব্দটি প্রতিস্থাপন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এসব নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।