মহান শিক্ষা দিবস উপলক্ষে গাইবান্ধায় ছাত্র সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গাইবান্ধা জেলা সংসদ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের ১ নম্বর রেলগেট এলাকার জেলা কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা সংসদের সহ-সভাপতি রুবেল শেখের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা সংসদের সাধারণ সম্পাদক জুয়েল রানা, সহ-সাধারণ সম্পাদক আবির খান, দপ্তর সম্পাদক প্রদীপ কুমার বর্মন, সদস্য ইশরাত জাহান এবং দারিয়াপুর হাজী ওসমান গনি কলেজ শাখার সভাপতি মৌমিতা ফেরদৌসী দিশাসহ নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলনে জীবন উৎসর্গকারী শিক্ষার্থীদের স্বপ্ন স্বাধীনতার ৫৫ বছর পরও বাস্তবায়িত হয়নি। বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক ও একমুখী গণমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ছাত্র ইউনিয়নের আন্দোলন অব্যাহত থাকবে।

পরে জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

উল্লেখ্য, ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন শরীফ শিক্ষা কমিশনের বৈষম্যমূলক শিক্ষানীতির প্রতিবাদে আন্দোলনে কয়েকজন শিক্ষার্থী নিহত হন। তাদের আত্মত্যাগ স্মরণে বিভিন্ন ছাত্র সংগঠন দিনটি শিক্ষা দিবস হিসেবে পালন করে আসছে।