ব্যালন ডি’অর অনুষ্ঠানের আগে লামিন ইয়ামালের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে বার্সেলোনা। ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা, স্পোর্টিং ডিরেক্টর ডেকো ও কোচ হান্সি ফ্লিকের পর এবার ইয়ামালের পক্ষে কথা বলেছেন ক্রীড়া বিষয়ক সহ-সভাপতি রাফা ইউস্তে।

রেসিং সান্তান্দারের পরিচালনা পর্ষদের সঙ্গে মধ্যাহ্নভোজের ফাঁকে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে ইউস্তে বলেন, ইয়ামালই এই মুহূর্তে বিশ্বের সেরা ফুটবলার। নিজের মুখে ব্যালন ডি’অর চাওয়ার কথা বলায় ইয়ামালের প্রশংসাও করেন তিনি।

ইয়ামালের পারফরম্যান্সের প্রশংসা করে ইউস্তে বলেন, মাত্র ১৯ বছর বয়সেই সে শিরোপা জয়ের পাশাপাশি ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার মতে, ইয়ামালের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বও এই বয়সে ব্যতিক্রমী।

আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠান। তার আগে ক্লাবের শীর্ষ পর্যায় থেকে ধারাবাহিকভাবে ইয়ামালের পক্ষে বক্তব্য আসছে।

এদিকে লা লিগায় রেসিং সান্তান্দারের বিপক্ষে ম্যাচ নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন ইউস্তে। তিনি বলেন, নম্রতা ও পরিশ্রমের মাধ্যমে বার্সেলোনা জয়ের ধারা অব্যাহত রাখার চেষ্টা করবে।