প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। সভায় ৬৫ হাজার ৫১৭ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ের ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে সভাটি শুরু হয়। প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে ১২টি নতুন এবং চারটি সংশোধিত।
পরিকল্পনা মন্ত্রণালয় জানিয়েছে, ১৬ প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ২৫ হাজার ২৭৮ কোটি ১২ লাখ টাকা। প্রকল্প ঋণ থেকে আসবে ৪০ হাজার ১৬৬ কোটি ৬৭ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থা দেবে ৭২ কোটি ৪৭ লাখ টাকা।
ব্যয়ের দিক থেকে সবচেয়ে বড় প্রকল্প ‘ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) সাউদার্ন রুট’। এতে ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা। প্রকল্পটি ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০৩৩ সালের আগস্ট পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
রেল যোগাযোগ উন্নয়নে বগুড়া-সিরাজগঞ্জ নতুন ডুয়েলগেজ রেলপথ নির্মাণ এবং নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথে বৈদ্যুতিক ট্র্যাকশন চালুর দুটি প্রকল্প রয়েছে। এগুলোতে যথাক্রমে ৪ হাজার ৬৬৭ কোটি ৪২ লাখ ও ৩ হাজার ৮২২ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।
এ ছাড়া স্বাস্থ্য, সড়ক, প্রতিরক্ষা, পানিসম্পদ, আর্থিক খাত, পয়ঃনিষ্কাশন, বিদ্যুৎ বিতরণ ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনাসহ বিভিন্ন খাতের প্রকল্প রয়েছে একনেকের এজেন্ডায়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকারের এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় একনেক সভা। প্রস্তাবিত প্রকল্পগুলো অনুমোদন পেলে অর্থের পরিমাণের দিক থেকে এটিই হবে এখন পর্যন্ত সবচেয়ে বড় একনেক সভা।
মন্তব্য করুন