ব্যালন ডি’অর নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন কিলিয়ান এমবাপে। তার মন্তব্যে বর্তমান ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে ও ফ্রান্স জাতীয় দলের কয়েকজন সতীর্থ ক্ষুব্ধ হয়েছেন। এর জেরে দলের ড্রেসিংরুমে বিভক্তি তৈরি হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

সম্প্রতি এমবাপে দাবি করেন, তাকে সবসময় ‘নির্বাচিত একজন’ হিসেবে বিবেচনা করা হতো। অন্যদিকে ইনজুরির কারণে দেম্বেলের ক্যারিয়ার ভিন্নভাবে এগিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এমবাপের মন্তব্যের জবাবে দেম্বেলেও মুখ খোলেন। ব্রেস্তের বিপক্ষে পিএসজির জয়ের পর তিনি বলেন, তিনি কখনোই ‘নির্বাচিত একজন’ ছিলেন না। বরং কঠোর পরিশ্রমের পর প্যারিসে কাটানো দুর্দান্ত সময়ের পুরস্কার হিসেবেই ব্যালন ডি’অর পেয়েছেন।

সাবেক ফরাসি খেলোয়াড় ও বিশ্লেষক জেরাম রোথেনের দাবি, এমবাপের মন্তব্যকে অপমান হিসেবে নিয়েছেন দেম্বেলে। এ ঘটনায় তিনি ফ্রান্স অধিনায়কের ওপর ভীষণ ক্ষুব্ধ।

আরএমসি স্পোর্টকে রোথেন বলেন, দেম্বেলের কাছে এমবাপের মন্তব্য একধরনের ‘বিশ্বাসঘাতকতা’ বলে মনে হয়েছে। শুধু দেম্বেলেই নন, জাতীয় দলের আরও কয়েকজন খেলোয়াড় এমবাপের বক্তব্যে বিরক্ত হয়েছেন বলে দাবি তার।

রোথেনের ভাষ্য, ফরাসি দলে এখন এমন খেলোয়াড় রয়েছেন যারা এমবাপের বক্তব্যের সঙ্গে একমত নন এবং দেম্বেলের প্রতি বেশি সমর্থন দেখাচ্ছেন। ফলে বাইরে থেকে দলটি এক থাকলেও ভেতরে দুটি পক্ষ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।