দীর্ঘ ২৩ বছর পর পাকিস্তানে ফিরতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ক্রীড়া প্রতিযোগিতা সাউথ এশিয়ান ফেডারেশন (এসএএফ) গেমস। আসন্ন ২০২৭ সালের প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়ে নীতিগত সম্মতি জানিয়েছে ভারত।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত পাকিস্তানের তিনটি শহরে অনুষ্ঠিত হবে ২০২৭ সালের সাফ গেমস। প্রতিযোগিতায় মোট ২৮টি ইভেন্ট থাকবে।
পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশনের (পিওএ) সাধারণ সম্পাদক খালিদ মেহমুদ জানিয়েছেন, ভারত নীতিগতভাবে অংশগ্রহণে সম্মতি দিয়েছে। আগামী বছরের জানুয়ারিতে ভারত তাদের খেলোয়াড় ও কর্মকর্তাদের বিস্তারিত তথ্য দেবে।
সর্বশেষ ২০০৪ সালে ইসলামাবাদে নবম এসএএফ গেমস আয়োজন করেছিল পাকিস্তান। এরপর দীর্ঘ সময় দেশটিতে এই আঞ্চলিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি।
২০২৭ সালের প্রতিযোগিতা সফল ও নিরাপদভাবে আয়োজনের প্রস্তুতি হিসেবে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার সংশ্লিষ্টদের নিরাপত্তা ও প্রস্তুতিমূলক ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছেন।
ভারতের অংশগ্রহণের সম্মতি এবারের সাফ গেমসকে বাড়তি গুরুত্ব দিচ্ছে। তবে দেশটির খেলোয়াড় ও কর্মকর্তাদের চূড়ান্ত তালিকা আগামী জানুয়ারিতে পাওয়ার পর অংশগ্রহণের বিষয়টি আরও স্পষ্ট হবে।
মন্তব্য করুন