অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) ২০২৬-২৭ মৌসুমে নাহিদ রানাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে দুটি ফ্র্যাঞ্চাইজি। ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্নভিত্তিক একটি দল ২৩ বছর বয়সী এই পেসারকে দলে নিতে চায়।

আগামী ১২ ডিসেম্বর শুরু হবে বিগ ব্যাশের নতুন মৌসুম। চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় থাকা নাহিদ বর্তমানে পুনর্বাসনের অংশ হিসেবে অনুশীলন করছেন। মঙ্গলবারও একাডেমি মাঠে হালকা বোলিং করেছেন তিনি।

বিবিএলে নাহিদের খেলা নির্ভর করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রের (এনওসি) ওপর। তবে বাংলাদেশের ব্যস্ত আন্তর্জাতিক সূচি ও নাহিদের পুনর্বাসন প্রক্রিয়ার কারণে ছাড়পত্র পাওয়া কঠিন হতে পারে।

বিসিবির এক কর্মকর্তা জানান, নাহিদ এখনো এনওসির জন্য আবেদন করেননি। আবেদন করলে তার শারীরিক অবস্থা ও অন্যান্য বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

চোটের কারণে বাংলাদেশের সাম্প্রতিক অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজে খেলতে পারেননি নাহিদ। একই কারণে আসন্ন এশিয়ান গেমস ক্রিকেটেও তাকে পাওয়া যাবে না। বিসিবি আশা করছে, অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন।

এদিকে, অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট এবং এরপর দক্ষিণ আফ্রিকা সফরে তিন সংস্করণে সিরিজ রয়েছে বাংলাদেশের। জানুয়ারিতে ভারতের সফর ও আগামী বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্ট আয়োজনের সম্ভাবনাও রয়েছে।