ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রত্যাশিত জয় দিয়ে নারী এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের পথ আরও সহজ করতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার রাত সাড়ে ৮টায় লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।

এশিয়া কাপের ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই টুর্নামেন্টে এসেছে বাংলাদেশ। সেই লক্ষ্য পূরণের পথে সেমিফাইনালে শক্তিশালী ভারতকে এড়াতে গ্রুপপর্বে চ্যাম্পিয়ন হওয়া গুরুত্বপূর্ণ। আর সে সমীকরণে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ই বাংলাদেশের জন্য বড় ভূমিকা রাখবে।

বিসিবির দেওয়া এক ভিডিওবার্তায় বিষয়টি তুলে ধরেছেন বাংলাদেশ দলের ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য খুব বড় একটা সুবিধা হবে যদি কালকে (আজ) শ্রীলঙ্কার সঙ্গে আমরা জিততে পারি। তাহলে আমরা সেমিফাইনালের দিকে অনেক ভালোভাবেই এগিয়ে যাব এবং আমাদের লক্ষ্যটার অনেক কাছে চলে যাব।’

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১২৯ রান সংগ্রহ করেও ৭১ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে ব্যাটিং প্রত্যাশামতো না হলেও বোলারদের নৈপুণ্যে সহজ জয় পায় তারা। পাশাপাশি ওই ম্যাচের মাধ্যমে উইকেট ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার অভিজ্ঞতাও হয়েছে বলে মনে করেন জয়িতা।

এই ওপেনার বলেন, ‘প্রথম ম্যাচের মাধ্যমে আমরা মাঠের পরিবেশ ও উইকেটের আচরণ সম্পর্কে বেশ ভালো ধারণা পেয়েছি। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা জেতার সর্বোচ্চ চেষ্টা করব। ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য থাকবে পাওয়ার প্লে কাজে লাগিয়ে ওপেনিংয়ে বড় রান সংগ্রহ করা।’