গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে খামখেয়ালি, টেস্ট বানিজ্য ও দুর্নীতির অভিযোগে স্থানীয় বাসিন্দা, রোগী ও তাদের স্বজন, ছাত্র ও জনতা একত্রিত হয়ে বিক্ষোভ ও আন্দোলন করেন।

বিক্ষুব্ধ জনতা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। এ সময় তারা বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভে অংশ নেয়। বিক্ষোভকারীরা স্লোগানে স্লোগানে এলাকায় উত্তেজনা ছড়িয়ে দেন এবং তাদের ক্ষোভ প্রকাশ করেন।

খবর পেয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরী, সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন এবং ওসি মো. ইউনুস মিয়া উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান। তারা আশ্বস্ত করেন যে, ডা. মনিরুজ্জামানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। উপজেলা প্রশাসনের আশ্বাসের পর বিক্ষোভকারীরা মহাসড়কের অবরোধ তুলে নেন।