কাল ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি
প্রকাশ: 6 August 2023 । 16:20 | আপডেট: 6 August 2023 । 16:20
তন্ময় সেন স্পোর্টস করেসপন্ডেন্ট:-
বিশ্বকাপের দিনক্ষণ গণনা শুরু হয়নি এখনো। তবে দেখতে দেখতে এগিয়ে আসছে বিশ্বকাপ ক্রিকেটের জমজমাট আসর। ক্যালেন্ডারের পাতা উলটে হিসাব করলে বিশ্বকাপ ক্রিকেট শুরুর আর বাকি মাত্র ৫৯ দিন। চারদিকে সাজ সাজ রব। কমবেশি সব দলই বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের তৈরির কাজে ব্যস্ত। যদিও পাঁচ প্রতিযোগী দল— ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান বিশ্বকাপ শুরুর পাঁচ সপ্তাহ আগে চলতি মাসের একদম শেষ দিক থেকে পাকিস্তান আর শ্রীলংকায় মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে। টিম বাংলাদেশের এশিয়া কাপ প্রস্তুতি শুরু আগামী ৮ আগস্ট থেকে।
এই যখন অবস্থা, তখন ঢাকায় আসছে বিশ্বকাপ ক্রিকেট ট্রফি। সব কিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার রাজধানীতে এসে পৌঁছাবে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি।
রাজধানী ঢাকার তিন জায়গায় এ ট্রফি প্রদর্শন হবে। এর মধ্যে ৭ আগস্ট মাওয়া মাল্টিপারপাস ব্রিজে (পদ্মা সেতু) হবে অফিসিয়াল ফটোশুট। এর পর ৮ আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে। ওইদিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী।
জাতীয় দল, নারী জাতীয় দল, বর্তমান ও সাবেক জাতীয় ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক ও মিডিয়াকর্মীরা এ বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীতে উপস্থিত থাকবেন।
সর্বসাধারণের জন্য বিশ্বকাপ ক্রিকেট ট্রফি দেখার সুযোগ মিলবে আগামী ৯ আগস্ট বুধবার। পান্থপথের বসুন্ধরা সিটি শপিংমলে এ প্রদর্শন হবে। বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসুন্ধরা শপিংমলে বিশ্বকাপ ট্রফি সর্বসাধারণের জন্য প্রদর্শন করা হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.