১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া..
প্রকাশ: 28 November 2026 । 18:59 | আপডেট: 28 November 2026 । 18:59
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে এবং জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এ সময়ে শিক্ষাঙ্গনে নৈরাজ্য চলেছে।
শনিবার (২৮ নভেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে দেশের বিভিন্ন কলেজের অধ্যক্ষরা অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষকদের উদ্দেশে বলেছেন, যৌক্তিক দাবির জন্য রাজপথে আসতে হবে না। আমিও তাঁর সঙ্গে একমত। প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়েছেন। তাই শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো তাঁর কাছে উপস্থাপন করা হবে। তবে ক্লাস বাদ দিয়ে শিক্ষকদের রাজপথে আসার প্রয়োজন নেই। এনটিআরসিএর বদলি ও নিয়োগসংক্রান্ত সমস্যাগুলোর সমাধান সরকারই করবে।
তিনি বলেন, গত ১৭ বছরে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হলেও শিক্ষার মানোন্নয়নে সুষম পরিকল্পনা ও বণ্টন ছিল না। অনেক কলেজে অনার্স কোর্স চালু করা হয়েছে, অথচ সেখানে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী নেই।
মন্ত্রী বলেন, দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এভিয়েশন খাতের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, বিশ্বজুড়ে দক্ষ পাইলট ও এ খাতের জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশেও বিমানবহর সম্প্রসারিত হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কোর্স ও কারিকুলাম দ্রুত আধুনিকায়ন করে দক্ষ পাইলট ও জনবল তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন। এ সময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক বক্তব্য দেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.