৭৫ লাখ টাকা চাঁদাবাজি নয়,..

প্রকাশ: 18 October 2026 । 12:28 | আপডেট: 18 October 2026 । 16:28

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের ফতুল্লায় পি.আই. ওশান টেক্স গার্মেন্টস কারখানাকে ঘিরে চাঁদাবাজি, মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন এইচ.এ.এম মাহমুদুর রহমান। প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তির অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর’ দাবি করে তিনি আইনি নোটিশ পাঠানোর কথা জানিয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) পাওয়া এক প্রতিবাদলিপিতে মাহমুদুর রহমানের পক্ষ থেকে জানানো হয়, গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘নারায়ণগঞ্জের ফতুল্লায় পি.আই. ওশান টেক্স গার্মেন্টস কারখানায় ৭৫ লাখ চাঁদার দাবিতে রাস্তা বন্ধ, মিথ্যা ও ভুয়া মামলা দিয়ে হয়রানি ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ…’ শিরোনামে প্রকাশিত সংবাদ বা প্রেস বিজ্ঞপ্তিতে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, তা সঠিক নয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, জমি ও রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রকৃত ঘটনা আড়াল করে তাঁর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে। তাঁর দাবি, অবৈধভাবে ভূমি দখল এবং নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই এ ধরনের অভিযোগ সামনে আনা হয়েছে।

৭৫ লাখ টাকা নিয়ে বিরোধের ব্যাখ্যা!

মাহমুদুর রহমানের পক্ষের দাবি, ৭৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগের সঙ্গে প্রকৃত ঘটনার মিল নেই। তাঁদের ভাষ্য অনুযায়ী, গত ১২ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) কার্যকরী সভাপতি মোহাম্মদ হাতেমের উপস্থিতিতে এবং কয়েকজন সালিশের সামনে একটি আপস মীমাংসাপত্র বা অঙ্গীকারনামা স্বাক্ষরিত হয়।

প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, ওই চুক্তিতে রাস্তা ও বর্ধিত জমি বাবদ ৭৫ লাখ টাকা পরিশোধের শর্তে মো. তৈয়ব মিয়া স্বেচ্ছায় স্বাক্ষর করেন বলে মাহমুদুর রহমানের পক্ষ দাবি করেছে। তাঁদের মতে, উভয় পক্ষের সম্মতিতে সম্পাদিত ওই চুক্তিকে চাঁদাবাজি হিসেবে উপস্থাপন করা সঠিক নয়।

ভয়ভীতি প্রদর্শন ও জিডির অভিযোগ!

প্রতিবাদলিপিতে আরও দাবি করা হয়, বিষয়টি সমাধানে মো. তৈয়ব মিয়ার সঙ্গে ১৬ থেকে ১৭ বার বৈঠক হলেও কোনো কার্যকর সমাধান হয়নি। বরং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সন্ত্রাসী বাহিনী দিয়ে ভয়ভীতি দেখানোর অভিযোগ তোলা হয়েছে।

এ ছাড়া, এ ঘটনায় ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং মামলা চলমান রয়েছে বলে মাহমুদুর রহমানের পক্ষ থেকে জানানো হয়। তবে এসব অভিযোগ ও মামলার বিষয়ে সংশ্লিষ্ট থানার নথি এবং আদালতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

আইনি নোটিশ, ক্ষতিপূরণ দাবির প্রস্তুতি!

প্রতিবাদলিপিতে বলা হয়, প্রকাশিত অভিযোগের প্রতিবাদ জানিয়ে মাহমুদুর রহমানের আইনগত নির্দেশনায় অ্যাডভোকেট মো. শামসুজ্জামানের মাধ্যমে গত ১৫ অক্টোবর ২০২৬ তারিখে মো. তৈয়ব মিয়াকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

এতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মানহানি ও জালিয়াতির অভিযোগে মামলা এবং পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে দেওয়ানি মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে মাহমুদুর রহমানের পক্ষ জানিয়েছে।

প্রতিবাদলিপির সঙ্গে আইনি নোটিশ এবং মোহাম্মদ হাতেমের উপস্থিতিতে স্বাক্ষরিত বলে দাবি করা আপসনামা বা অঙ্গীকারনামার অনুলিপি সংযুক্ত করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!