অভিবাসন ব্যয় কমানো ও দালালচক্রের..
প্রকাশ: 14 October 2026 । 20:40 | আপডেট: 14 October 2026 । 20:49
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
বিদেশে কর্মসংস্থানের অভিবাসন ব্যয় কমানো, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রতারণা ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের অর্থনীতিতে অবদান রাখা প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (আরএমএমআরইউ) ৩০ বছর পূর্তি ও ‘সোনার মানুষ সম্মিলন ২০২৬’-এর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, বিদেশে যেতে অনেক কর্মী জমি বিক্রি করেন, ঋণ নেন ও পরিবারের সঞ্চয় ব্যয় করেন। এরপরও তাঁদের অনেকে প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয়, অনিশ্চিত চাকরি এবং চুক্তি অনুযায়ী বেতন না পাওয়ার সমস্যায় পড়েন। এসব প্রতিরোধে বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে আরও শ্রমিকবান্ধব হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা ৩৫ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশের অর্থনীতিতে তাঁদের অবদান গুরুত্বপূর্ণ। তাই শুধু কর্মী পাঠানোর সংখ্যা বাড়ানো নয়, দক্ষতা, প্রশিক্ষণ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হবে।
আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষা, ভাষা দক্ষতা ও প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। পাশাপাশি নারী অভিবাসীদের নিরাপত্তা, দেশে ফিরে আসা কর্মীদের পুনর্বাসন এবং প্রবাসীদের সঞ্চয় উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ তৈরির আহ্বান জানান তিনি।
অভিবাসন ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সমন্বিত জাতীয় কৌশল গ্রহণ এবং প্রবাসী কর্মীদের অধিকার ও সুরক্ষায় সরকার, বিরোধী দল ও সংশ্লিষ্ট সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.