সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ঢাকা থেকে সৌদিগামী ৮৯টি ফ্লাইট স্থগিত হয়েছে। এতে অন্তত ১৪ হাজার ৬৫৫ যাত্রী ভোগান্তিতে পড়েছেন। স্থগিত ফ্লাইটের মধ্যে সরাসরি ও ট্রানজিট ফ্লাইট রয়েছে।
বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বেবিচকের তথ্য অনুযায়ী, সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলার ১০টি, রিয়াদ এয়ারের সাতটি এবং সৌদিয়ার পাঁচটি ফ্লাইট রয়েছে। এ ছাড়া ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাইদুবাইয়ের ছয়টি, সালামএয়ারের চারটি ও ইজিপ্টএয়ারের একটি ট্রানজিট ফ্লাইট স্থগিত হয়েছে।
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার ঘটনায় দেশটির আকাশপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে সৌদিগামী প্রবাসী কর্মী, ওমরাহযাত্রী ও অন্যান্য যাত্রীদের ভ্রমণে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচলে অনিশ্চয়তা থাকতে পারে। এ অবস্থায় যাত্রীদের বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মন্তব্য করুন