রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ,..

প্রকাশ: 5 October 2026 । 13:23 | আপডেট: 5 October 2026 । 13:23

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় চার সাংবাদিক গুরুতর আহতসহ অন্তত ১৪ জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, হামলাকারীদের হাতে রামদা, চাপাতি, হকিস্টিক, পাইপ, বেসবল ব্যাটসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল।

গুরুতর আহত সাংবাদিকরা হলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান, আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এলাকা থেকে মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা জিয়াউর রহমান হলের সামনে আসেন। তাদের উদ্দেশ্য হল সংসদের জিএস আরিফুল ইসলামকে মারধর করা ছিল বলে অভিযোগ রয়েছে। এ সময় তাদের সঙ্গে বস্তাভর্তি দেশীয় অস্ত্র ছিল বলেও প্রত্যক্ষদর্শীরা দাবি করেন।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ঘটনাস্থলে গেলে ছাত্রদলের নেতাকর্মীরা অস্ত্র আড়াল করে ফেলেন বলে অভিযোগ রয়েছে। পরে হলের ফটকের সামনে অস্ত্র হাতে অবস্থানরত নেতাকর্মীদের ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ সময় দৈনিক সমকালের প্রতিনিধিকে লাঠি দিয়ে আঘাত করা হয় এবং আজকের পত্রিকার প্রতিনিধির মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে। একপর্যায়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধির ওপরও হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রক্টর কয়েকজন সাংবাদিককে হলের ভেতরে নিয়ে ফটক বন্ধ করে দেন।

পরে সাংবাদিকদের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে অন্য সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় দ্য ডেইলি স্টার ও আগামীর সময়ের প্রতিনিধিসহ আরও কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে। আগামীর সময়ের প্রতিনিধির মাথায় আঘাত লাগে। আহত সহকর্মীদের রক্ষা করতে এগিয়ে এলে অন্য সাংবাদিকদেরও হুমকি দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

হামলায় ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি আহসান হাবীব ও শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম এবং সহদপ্তর সম্পাদক শাহরিয়ার আলম অথির নাম উঠে এসেছে। এ ছাড়া সংগঠনটির আরও কয়েকজন নেতাকর্মী হামলায় অংশ নেন বলে অভিযোগ রয়েছে।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আমরা ব্যর্থ, আমাদের দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আমরা পুলিশকে ফোন দিয়েছি, কিন্তু পুলিশও ভয়ে পালিয়ে গেছে।’

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!