যাত্রীদের স্বস্তি, আজ থেকে স্বাভাবিক..
প্রকাশ: ১২ জুলাই ২০২৬ । ১২:১৭ | আপডেট: ১২ জুলাই ২০২৬ । ১২:১৭
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
টানা পাঁচ দিন বন্ধ থাকার পর অবশেষে আজ রোববার (১২ জুলাই) থেকে স্বাভাবিক হয়েছে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল। ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে ছেড়ে যাওয়া পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম হয়ে নির্ধারিত সময়েই কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবে।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন জানান, আজ থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজারগামী সব ট্রেন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে। তিনি বলেন, যে স্থানে রেললাইন পানিতে তলিয়ে গিয়েছিল সেখানে ব্যালাস্ট ফেলে লাইন উঁচু করা হয়েছে। ফলে এখন ট্রেন চলাচলে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়।
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে গত ৭ জুলাই চট্টগ্রাম ও জানআলীহাট স্টেশনের মধ্যবর্তী রেললাইন প্লাবিত হয়। রেললাইনের ওপর প্রায় দুই ফুট পানি জমে যাওয়ায় প্রথমে ট্রেন চলাচল ব্যাহত হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় পরে চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়।
পরদিন রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ষোলশহর-জানআলীহাট সেকশনে পানি না কমা পর্যন্ত ট্রেন চলাচল সম্ভব নয়। এ সময় আটকে পড়া যাত্রীদের টিকিটের মূল্য ফেরত এবং ঢাকায় ফেরার জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থাও করা হয়।
সবশেষে প্রয়োজনীয় সংস্কার ও মেরামত কাজ শেষ হওয়ায় পাঁচ দিনের বিরতির পর আজ আবারও সচল হলো দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন রুট চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.