বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে ১ কোটি..

প্রকাশ: ৯ জুলাই ২০২৬ । ১৮:৪৯ | আপডেট: ৯ জুলাই ২০২৬ । ১৮:৪৯

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

আগামী পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরি, নিরাপদ অভিবাসন নিশ্চিত এবং দালালচক্রের দৌরাত্ম্য কমাতে সরকার বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী জানান, বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এবং ৬টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজিসহ মোট ১১০টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ৫৫টি স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণ, সংরক্ষণ ও সুসংহত করার পাশাপাশি বিদেশগামী কর্মীদের ভাষাগত দক্ষতা বাড়াতে সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর আওতায় আগামী পাঁচ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরিফুল হক চৌধুরী বলেন, নিরাপদ, নিয়মিত ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে এবং অভিবাসন ব্যয় ও দালালচক্রের প্রতারণা নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। এ লক্ষ্যে বৈদেশিক কর্মসংস্থান প্ল্যাটফর্ম (ওইপি) চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রশিক্ষণে ভর্তি, মনিটরিং, সনদায়ন, ভিসা ও ডিমান্ড লেটার যাচাই এবং বিদেশগামী কর্মীদের ছাড়পত্র ইস্যুসহ পুরো অভিবাসন প্রক্রিয়া আরও স্বচ্ছ, সহজ ও জবাবদিহিমূলক হয়েছে।

তিনি আরও জানান, দালাল ও সাব-এজেন্টদের আইনের আওতায় আনতে ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (রিক্রুটিং এজেন্ট লাইসেন্স এবং সাব-এজেন্ট নিবন্ধন ও আচরণ) বিধিমালা, ২০২৫’ প্রণয়ন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে অভিবাসন কার্যক্রম তদারকিতে জেলা ও উপজেলা পর্যায়ে অভিবাসন সমন্বয় কমিটিও গঠন করেছে সরকার।

 

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!