পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার ১নং মাধবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী মিজানুর রহমান লাভলুর বিরুদ্ধে ঐ পরিষদের কতিপয় মেম্বার কর্তৃক ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদে মাধবখালী ইউনিয়ন এর সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ইউনিয়ন পরিষদের সামনের বরিশাল-বরগুনা মহাসড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মাধবখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ সজীব আহম্মেদ সানির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন মাধবখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হালিম মোল্লা, রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসীম উদ্দীন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম আহম্মেদ মৃধা, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, সংরক্ষিত নারী ইউপি সদস্য শিউলি বেগম,ইউপি সদস্য মোঃ লোকমান হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোঃ আমিনুল ইসলাম ও স্থাণীয় বাসিন্দা মোঃ রফিক মুন্সী প্রমূখ।
মানববন্ধনে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ প্রত্যাহার করে সুষ্ঠু তদন্তের দাবী জানান বক্তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল মহাসড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।
এসময় ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ইউপি মেম্বারবৃন্দ ও ইউনিয়নের সর্বস্তরের সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন