মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধর্মীয় ও সাংস্কৃতিক মহোৎসব ১৮৪তম ‘শ্রীশ্রীকৃষ্ণের মহারাসলীলানুসরণ’ আগামী ২৩ ও ২৪ নভেম্বর মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শারদীয় রাসপূর্ণিমার পুণ্যতিথি উপলক্ষে উপজেলার মাধবপুরের শিববাজার ও জোড়ামণ্ডপে দুই দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে চলছে প্রস্তুতি। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনে দেশ-বিদেশের বিপুলসংখ্যক দর্শনার্থী ও ভক্তের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

গৌড়ীয় বৈষ্ণব ধর্মাবলম্বী মণিপুরী সম্প্রদায়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও আধ্যাত্মিক বিশ্বাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত এই মহোৎসব। আগামী ২৪ নভেম্বর শারদীয় রাসপূর্ণিমার মূল তিথিতে অনুষ্ঠিত হবে মহারাসলীলা। ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনলীলার মধ্য দিয়ে ভক্ত ও ভগবানের প্রেম, আত্মা ও পরমাত্মার মিলন এবং মানবপ্রেমের নির্মল বার্তা তুলে ধরা হয় এ আয়োজনে।

মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের উদ্যোগে উৎসবের প্রথম দিন ২৩ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। পরদিন ২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে রাখালনৃত্য। বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত থাকবে শিল্পী ও লেখক আড্ডা। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। রাত ১১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত পরিবেশিত হবে মূল আকর্ষণ মহারাসলীলা।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপির। গেস্ট অব অনার ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিলাহ ফারুকী, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব দেবজিৎ সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার এবং মণিপুরী সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় পরিষদের সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহ স্বপন।

আয়োজক সূত্রে জানা গেছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড ও সুইডেনসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে দর্শনার্থী ও মণিপুরী সম্প্রদায়ের মানুষ এ উৎসবে যোগ দেবেন। তাঁদের পদচারণায় কমলগঞ্জের মণিপুরী অধ্যুষিত এলাকা পরিণত হবে এক আন্তর্জাতিক সাংস্কৃতিক মিলনমেলায়।

শারদীয় রাসপূর্ণিমার পুণ্যতিথিতে আয়োজিত এ মহোৎসব ধর্মীয় চেতনা, মানবিক সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলা হিসেবে মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যকে তুলে ধরবে।