জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১০ কোটি টাকা।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন ১৪টি এবং সংশোধিত দুটি। এর মধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারীর নিজ জেলা জয়পুরহাটের জন্য নেওয়া হয়েছে চারটি প্রকল্প। এসব প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩৮৯ কোটি ৬৭ লাখ টাকা। মন্ত্রণালয়ভিত্তিক হিসাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাতটি এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্প অনুমোদন পেয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, জয়পুরহাটের যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে চারটি প্রকল্প নেওয়া হয়েছে। এর মধ্যে ১ হাজার ৯৩৭ কোটি টাকা ব্যয়ে ‘মোকামতলা-কালাই-জয়পুরহাট মহাসড়ক চার লেনে উন্নীতকরণ’ প্রকল্প রয়েছে। চলতি বছরের নভেম্বর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত সরকারি অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
এ ছাড়া ৪৭২ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক উন্নীতকরণ, ৩৩১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধন এবং ৬৪৮ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সারা দেশে সড়ক অবকাঠামোর বেহাল অবস্থার মধ্যেও একটি নির্দিষ্ট জেলার জন্য একসঙ্গে চারটি প্রকল্প অনুমোদন নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে বক্তব্য জানতে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
পরিকল্পনা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, অতীতেও প্রভাবশালী মন্ত্রী ও আমলাদের নিজ এলাকায় উন্নয়ন প্রকল্প নেওয়ার প্রবণতা দেখা গেছে। বিগত সরকারের সময়ে সাবেক পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নিজ জেলা কুমিল্লা এবং এম এ মান্নান নিজ জেলা সুনামগঞ্জে বিভিন্ন প্রকল্প অনুমোদনে অগ্রাধিকার দিতেন। সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের নিজ জেলা মেহেরপুরেও একাধিক প্রকল্প অনুমোদন পেয়েছিল। এ ছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের আগ্রহে আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতু প্রকল্প অনুমোদন দেওয়া হয়। গত আওয়ামী লীগ সরকারের শেষ একনেক সভায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের এলাকায় ৪ হাজার ১৭৪ কোটি টাকা ব্যয়ে মেঘনা-ধনাগোদা নদীর ওপর ঝুলন্ত সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন পেলেও পরে তা বাতিল করা হয়।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাতটি প্রকল্পের মধ্যে রয়েছে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, জয়পুরহাটের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, ফরিদপুর ও রাজবাড়ীর গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সিলেট বিভাগের চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, বৃহত্তর যশোরের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের বর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ।
পানিসম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পের মধ্যে রয়েছে দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখনন, জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ, বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুরে সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে বিভিন্ন এলাকা রক্ষা এবং মেট্রো ঢাকা প্রকল্পের আওতায় গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড ও তুরাগ নদী সুরক্ষা।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দুটি প্রকল্প হলো জয়পুরহাটের তিনটি জেলা মহাসড়ক উন্নীতকরণ এবং মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ।
অন্যদিকে, কৃষি মন্ত্রণালয়ের জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ধামরাইয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ঢাকা এলাকায় বিমানবাহিনীর কর্মকর্তাদের আবাসন সমস্যা নিরসনে অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে।
এ ছাড়া পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৪টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে কুমিল্লার মুরাদনগরে আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, জগন্নাথপুর ও মোহনগঞ্জে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, মিরকাদিমে গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা, রাজশাহী বিভাগে জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন, ঝুঁকিপূর্ণ বেইলি সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ এবং দুর্গম পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সম্প্রসারণ।
মন্তব্য করুন