গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান শেষে তথ্য সংগ্রহ করে ফেরার পথে চার সাংবাদিককে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ উঠেছে। এ সময় তাঁদের মুঠোফোন কেড়ে নেওয়া এবং জোরপূর্বক ভিডিও ধারণ করারও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে অবৈধভাবে মজুত করা বালুর স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু জব্দের পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত চারটি ট্রাক্টর জব্দ করে প্রশাসন। অভিযানের সংবাদ সংগ্রহ শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে সাংবাদিকদের গাড়ির গতিরোধ করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, তিনটি মোটরসাইকেলে আসা ৯ থেকে ১০ জন তাঁদের পথ আটকে একটি ঘরে নিয়ে যান। পরে দরজা বন্ধ করে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল তাঁদের মারধর করে। এ সময় তাঁদের মুঠোফোন কেড়ে নেওয়া হয় এবং হাতে জোর করে টাকা দিয়ে ভিডিও ধারণ করা হয়। পাশাপাশি অশ্লীল ভাষায় গালাগাল করা হয়।

মারধরের শিকার সাংবাদিকরা হলেন দৈনিক আজকের পত্রিকার গাইবান্ধা প্রতিনিধি আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম (রফিক খন্দকার), স্থানীয় জনসেনা পত্রিকার স্টাফ রিপোর্টার তাজরুল ইসলাম ও সাংবাদিক পাপ্পু সরকার।

বর্তমানে তাঁরা গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ঘটনার বিষয়টি তিনি শুনেছেন। এটি খুবই দুঃখজনক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধরের বিষয়টি তিনি শুনেছেন। পরে জব্দ করা গাড়িগুলো ছেড়ে দেওয়া হয়েছে।