তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ চলাকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেছেন এমিনে এরদোয়ান। ডা. জুবাইদা রহমানের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করে তিনি জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এমিনে এরদোয়ান জানান, বৈঠকে জলবায়ু সুবিচার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং পরিবেশ সুরক্ষায় বৈশ্বিক ‘জিরো ওয়েস্ট’ বা শূন্য বর্জ্য নীতি বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে।
এসব লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক সমন্বয় ও দেশগুলোর মধ্যে অংশীদারত্ব জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
উল্লেখ্য, তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশ প্রতিনিধিদলের সঙ্গে বর্তমানে আন্তালিয়ায় অবস্থান করছেন ডা. জুবাইদা রহমান।
মন্তব্য করুন