চিকিৎসার জন্য বিদেশে বাংলাদেশিদের ডলার খরচের সীমা দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে একজন বাংলাদেশি চিকিৎসার প্রয়োজনে বছরে সর্বোচ্চ ৩০ হাজার ডলার বিদেশে খরচ করতে পারবেন। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার।

সোমবার (৯ নভেম্বর) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমতি ছাড়াই বিদেশে চিকিৎসার জন্য সর্বোচ্চ ৩০ হাজার ডলার ছাড় করতে পারবে। এর বেশি অর্থ পাঠাতে হলে আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হতো।

একই সার্কুলারে বিদেশে শিক্ষার খরচ পাঠানোর নিয়মও শিথিল করা হয়েছে। এখন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনার খরচের জন্য বৈদেশিক মুদ্রা পাঠাতে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন লাগবে না। পাশাপাশি পেশাগত ও সার্টিফিকেশন কোর্সের খরচের ক্ষেত্রেও পূর্বানুমোদনের বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে।

এ বিষয়ে গত ৩০ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার নম্বর ৪০-এর সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের শিক্ষার ক্ষেত্রে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করে এডি ব্যাংকগুলো নিজেরাই প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে।

এ ছাড়া সার্টিফিকেশন ও পেশাগত কোর্সের পাশাপাশি চিঠিপত্রের মাধ্যমে পরিচালিত নিয়মিত একাডেমিক কোর্সের জন্যও বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে এডি ব্যাংকগুলো।

অন্যদিকে, আবাসিক বাংলাদেশিদের রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (আরএফসিডি) হিসাবে বৈদেশিক মুদ্রা জমার শর্ত আরও নির্দিষ্ট করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, বিদেশ থেকে দেশে আনা বৈদেশিক মুদ্রা কেবল কাস্টমস কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে ঘোষণা করা হলে তা আরএফসিডি হিসাবে জমা করা যাবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, বিদেশে পড়াশোনা এবং অন্যান্য অনুমোদিত খাতে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ বাড়ানোর বিষয়টি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সার্কুলারে আরও বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত কার্যকর করতে বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত প্রচলিত বিধিবিধান প্রয়োজন অনুযায়ী সংশোধিত বলে গণ্য হবে। তবে এ বিষয়ে আগে জারি করা অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।