তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে ন্যূনতম ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। অন্যদিকে, এ প্রস্তাবের বিষয়ে সিদ্ধান্ত জানাতে মজুরি বোর্ডের কাছে সাত দিন সময় চেয়েছে মালিকপক্ষ। তবে তাদের চার দিন সময় দিয়েছে বোর্ড।

সোমবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচায় তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শ্রমিক প্রতিনিধির পক্ষ থেকে নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপন করেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার।

প্রস্তাবে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা, শিক্ষানবিশ শ্রমিকদের ৩০ হাজার টাকা এবং গ্রেড-১-এর শ্রমিকদের জন্য ৪৮ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি অভিযোগ করেন, বেতন পরিশোধের পরও সোমবার সাতটি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেননি।

বৈঠক শেষে জানানো হয়, আগামী ডিসেম্বর থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। সে অনুযায়ী শ্রমিকরা জানুয়ারিতে নতুন কাঠামোর বেতন হাতে পাবেন।

এদিকে গ্রহণযোগ্য বেতন কাঠামো নির্ধারণের দাবিতে দুপুরে মজুরি বোর্ডের কার্যালয়ের সামনে সমাবেশ করে বিভিন্ন শ্রমিক সংগঠন।